খেলাধুলা
বিশ্বকাপে মেসিকে হত্যার হুমকি, ফাঁস হওয়া পুলিশ নথিতে নিরাপত্তাঝুঁকির ভয়াবহ চিত্র
ফিফা বিশ্বকাপের মাঠে লড়াই ছিল ফুটবল নিয়ে। তবে মাঠের বাইরে খেলোয়াড়, রেফারি, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তা নিয়েও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল আয়োজক ও আইনশৃঙ্খলা বাহিনীকে। ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের পুলিশের একটি নিরাপত্তা নথিতে উঠে এসেছে, বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদোসহ একাধিক তারকা খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাকে লক্ষ্য করে বোমা হামলা, হত্যার হুমকি এবং স্টেডিয়ামে অস্ত্র নিয়ে প্রবেশের পরিকল্পনার মতো একাধিক ঘটনার তথ্য।
স্পেনের ইনফরমেশন ডট ইএসের বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।
‘মেসিকে হত্যা করব’
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের আগে ডালাস বিমানবন্দরে ফোন করে এক ব্যক্তি স্টেডিয়ামে হামলার হুমকি দেন। তিনি দাবি করেন, আরও দুজনকে সঙ্গে নিয়ে মাঠে ঢুকবেন এবং তাদের হাতে থাকবে হ্যান্ড গ্রেনেড ও এআর-১৫ রাইফেল।
এরপর সরাসরি লিওনেল মেসিকে হত্যার হুমকিও দেওয়া হয়।
আর্জেন্টিনা-মিশর ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরও একটি হুমকির বার্তা আসে। এক সন্দেহভাজন ব্যক্তি দাবি করেন, শরীরে চারটি বোমা বেঁধে আটলান্টার স্টেডিয়ামে প্রবেশ করবেন তিনি। তার কথিত লক্ষ্য ছিল মেসি।
ম্যাচ চলাকালেও নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়। পুলিশকে ফোন করে জানানো হয়, গ্যালারির একটি আবর্জনার ঝুড়িতে তিনটি বোমা রাখা হয়েছে। এরপর স্টেডিয়ামে তল্লাশি শুরু হয়। মাঠে নামে বিস্ফোরক শনাক্তকারী বিশেষজ্ঞ দল ও প্রশিক্ষিত কুকুর।
লিওনেল মেসির পাশাপাশি ক্রিস্তিয়ানো রোনালদোকেও ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছিল। ফিফার এক কর্মী পুলিশকে জানান, এক সন্দেহজনক ব্যক্তি রোনালদো কোথায় অবস্থান করছেন, সেই তথ্য জানার চেষ্টা করেছিলেন।
এরপর আরও এক ব্যক্তি রোনালদোর হোটেলে প্রবেশ করে তার সঙ্গে লিফটে ওঠার চেষ্টা করেন। পুলিশ তাকে থামালে ওই ব্যক্তি দাবি করেন, তার উদ্দেশ্য ছিল রোনালদোর সঙ্গে একটি সেলফি তোলা।
বিশ্বকাপে নিরাপত্তার ঝুঁকিতে ছিলেন ম্যাচ কর্মকর্তারাও। আর্জেন্টিনা-মিশর ম্যাচের সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ সমর্থকদের রোষের মুখে পড়েন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া ল্যাটেক্সিয়ার। তার হোয়াটসঅ্যাপে ছয় হাজারের বেশি হুমকিমূলক বার্তা পাঠানো হয়।
ভিডিও সহকারী রেফারি উইলি দেলাজোও মৃত্যুর হুমকি পান।
বিশ্বকাপে একটি ভুল বা গোল মিসের পর খেলোয়াড়দের লক্ষ্য করে হুমকির ঘটনাও নথিতে উঠে এসেছে। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্লিং হলান্ডকে পাস না দেওয়ার ঘটনায় নরওয়ের আলেক্সান্ডার সরলথ ও তার স্ত্রী মৃত্যুর হুমকি পান।
কলম্বিয়ার জোন হামিন্তন কামপাজ পেনাল্টি মিস করার পর একই ধরনের হুমকির মুখে পড়েন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে জাতীয় দলের সঙ্গে দেশে ফেরাও তার জন্য সম্ভব হয়নি।
এ ধরনের ঘটনা ১৯৯৪ বিশ্বকাপের একটি কালো অধ্যায়ের কথাও মনে করিয়ে দেয়। আত্মঘাতী গোল করার পর দেশে ফিরে আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন কলম্বিয়ার ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার।
বিশ্বকাপজুড়ে কিলিয়ান এমবাপেকেও ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। ফ্রান্সের কাছে হারের পর প্যারাগুয়ের সমর্থকেরা এমবাপের নাম লেখা কুশপুত্তলিকা পোড়ান। ফরাসি তারকাকে লক্ষ্য করে বর্ণবাদী স্লোগানও দেওয়া হয়।
এমনকি প্যারাগুয়ের এক সিনেটরও এমবাপেকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন। দক্ষিণ কোরিয়াতেও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাড়তি সতর্কতা ছিল। গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর কোচ হং মিয়ং-বোর নিয়োগ নিয়ে দেশে তীব্র ক্ষোভ তৈরি হয়। তার নিয়োগপ্রক্রিয়া নিয়েও পুলিশ তদন্ত শুরু করে।
বিশ্বকাপের সময় ইংল্যান্ডের মিডিয়া সেন্টারেও নিরাপত্তা ভাঙার চেষ্টা হয়েছিল। এক ব্যক্তি হাতে রেঞ্চ নিয়ে সেখানে প্রবেশ করে চিৎকার শুরু করেন। এরপর মিডিয়া সেন্টারের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়। স্থাপন করা হয় তিন স্তরের নিরাপত্তাবেষ্টনী। পাশাপাশি বসানো হয় কংক্রিটের ব্যারিয়ার ও অ্যান্টি-স্নাইপার স্ক্রিন।
ড্রোন হামলা প্রতিরোধে নো-ফ্লাই জোনও ঘোষণা করা হয়। মোতায়েন করা হয় বিপুলসংখ্যক সশস্ত্র পুলিশ।
ফাঁস হওয়া নিরাপত্তা নথির এসব তথ্য থেকে বিশ্বকাপের সময় মাঠের বাইরের নিরাপত্তা চ্যালেঞ্জের একটি বিস্তৃত চিত্র পাওয়া যাচ্ছে। ফুটবলারদের পারফরম্যান্সের পাশাপাশি তাদের নিরাপত্তা, ম্যাচ কর্মকর্তাদের সুরক্ষা এবং স্টেডিয়াম ও মিডিয়া সেন্টারের নিরাপত্তা নিশ্চিত করাও আয়োজকদের জন্য বড় দায়িত্ব হয়ে উঠেছিল।
জনপ্রিয়
সর্বশেষ
খেলাধুলা থেকে আরও পড়ুন
হিব্রু ভাষায় এক শব্দ লিখেই আলোচনায় রোনালদোর হবু স্ত্রী জর্জিনা
ক্রিস্টিয়ানো রোনালদোর হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। এবারের কারণ, হিব্রু ভাষায় লেখা মাত্র একটি শব্দ। ছুটি কাটানোর একটি ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘সুস্থ’। আর সেই এক শব্দই মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়, শুরু হয় তুমুল আলোচনা ও বিতর্ক।

অস্ট্রেলিয়া সিরিজের আগে অনুশীলনে ফিরলেন তাসকিন, প্রস্তুতিতে বাংলাদেশ
দুটি ব্যাট হাতে হাসিমুখে অনুশীলনে যোগ দিলেন তাসকিন আহমেদ। তবে ব্যাট নয়, মূল মনোযোগ ছিল তাঁর বোলিং অনুশীলনেই। দীর্ঘদিনের চোটের ধাক্কা কাটিয়ে অস্ট্রেলিয়া সফরে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে বাংলাদেশ দলের এই পেসারকে।

বিশ্বকাপ শেষে এমএলএসে ফিরলেন মেস
২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার ১৩ দিন পর আবারও মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। বিশ্বকাপের ব্যস্ততা ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে মেসির প্রত্যাবর্তন ঘিরে ছিল ভক্তদের ব্যাপক উচ্ছ্বাস।

ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল ভারত সফরে যাচ্ছেন। তার সঙ্গে থাকবেন বিসিবির গ্রাউন্ডস কমিটি ও হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম। সফরের মূল উদ্দেশ্য ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করা।




