সৌদি প্রো লিগে আল-হিলালের বিপক্ষে ম্যাচে সমর্থকদের আপত্তিকর স্লোগানের ঘটনায় বড় শাস্তি পেয়েছে আল-তাওউন। ক্লাবটিকে ১ লাখ সৌদি রিয়াল জরিমানার পাশাপাশি নিজেদের মাঠে পরবর্তী দুই ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে।
ঘটনাটি ঘটে আল-হিলালের কাছে আল-তাওউনের ৬-০ গোলের পরাজয়ের ম্যাচে। গ্যালারিতে সমর্থকদের একটি অংশ প্রয়াত পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোতাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আল-হিলালের পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেসকে লক্ষ্য করেও ওই স্লোগান দিতে দেখা যায়।
জোতার সঙ্গে নেভেসের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। ২০২৫ সালের ৩ জুলাই স্পেনের জামোরায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জোতা ও তার ছোট ভাই আন্দ্রে সিলভা নিহত হন। জোতার শেষকৃত্যে কফিন বহনকারীদের একজনও ছিলেন নেভেস।
সমর্থকদের এমন আচরণের প্রতিবাদ জানিয়েছিলেন আল-নাসরের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও। এর পরই আল-তাওউনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি সামনে আসে।









