সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা থেকে নিজেকে দূরে রাখতে মজার এক কৌশল অবলম্বন করেন ভারতের উইকেটকিপার-ব্যাটার সাঞ্জু স্যামসন। সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, নেতিবাচক মন্তব্য চোখে না পড়ার জন্য মাঝে মাঝে নিজের ওয়াই-ফাই বন্ধ করে দেন।

চলতি বছর বেশ ওঠানামার মধ্য দিয়ে যেতে হয়েছে স্যামসনকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দল থেকে বাদ পড়লেও পরে দুর্দান্তভাবে ফিরে আসেন তিনি। টানা তিন ম্যাচে ফিফটি করে ভারতের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তবে এরপর আবারও দলে জায়গা হারানোর শঙ্কায় পড়তে হয় তাকে।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়ার পর জিম্বাবুয়ে সিরিজের দল থেকে বাদ পড়েন স্যামসন। পরে আফগানিস্তান সিরিজে ফিরলেও তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলতে থাকে। তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীকে সুযোগ না দেওয়ার কারণেই নাকি স্যামসন দলে আছেন, এমন কথাও ওঠে।

citytouch 728-X-90

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১০ রান করে আউট হওয়ার পর সমালোচনা আরও বাড়ে। এমনকি কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, সূর্যবংশী না খেললে তারা ম্যাচও দেখবেন না।

এসব নিয়ে স্যামসনের প্রতিক্রিয়া অবশ্য বেশ হালকা। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি ওয়াই-ফাই বন্ধ করে দেওয়ার চেষ্টা করি।’ তার এই মন্তব্যে সংবাদ সম্মেলনে হাসির পরিবেশ তৈরি হয়।

তবে সমালোচনা যে তাকে একেবারেই প্রভাবিত করে না, সেটিও স্বীকার করেননি স্যামসন। তার ভাষায়, তিনিও মানুষ এবং নেতিবাচক মন্তব্যে তার খারাপ লাগে। তবে অভিজ্ঞতার মাধ্যমে এসব পরিস্থিতি সামলাতে শিখেছেন তিনি।

এরই মধ্যে মাঠে ব্যাট হাতে সমালোচনার জবাবও দিয়েছেন স্যামসন। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ২০ বলে ফিফটি করেন তিনি। শেষ পর্যন্ত ২২ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই ব্যাটার। তার পারফরম্যান্সে ৭ উইকেটে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ভারত।

স্যামসনের মতে, ভারতের হয়ে খেললে বাইরের সমালোচনা থেকে পুরোপুরি মুক্ত থাকা কঠিন। তাই এসব সামলে নিজের দায়িত্ব ও প্রস্তুতির ওপর মনোযোগ রাখাটাই গুরুত্বপূর্ণ।