২০১০ সালে প্রথমবার এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিয়েই স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে ১৬ বছর। ২০১৪ ও ২০২৩ সালের আসরে আর সেই সাফল্য ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্বর্ণপদক জিততে চান অধিনায়ক লিটন কুমার দাস।

জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমস ২০২৬-এ বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলের অভিযান শুরু হবে কোয়ার্টার-ফাইনাল থেকে। র‍্যাঙ্কিংয়ের কারণে প্রথম রাউন্ডে বাই পাওয়ায় সরাসরি শেষ আটে খেলবে লিটনের দল। আগামী মঙ্গলবার নাগোয়ার নিশিনে মাঠে নামবে বাংলাদেশ।

তবে কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। ‘বি’ গ্রুপে ওমান, হংকং ও মালয়েশিয়ার মধ্য থেকে একটি দল শেষ আটে বাংলাদেশের মুখোমুখি হবে।

citytouch 728-X-90

মূল লড়াইয়ের আগে নিজেদের প্রস্তুতিও সেরে নিয়েছে বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের মতো পূর্ণ শক্তির দল নিয়ে এশিয়ান গেমসে যাচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে দেশে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে লিটনের দল।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শেষে লিটন বলেন, প্রস্তুতির দিক থেকে দল ভালো অবস্থায় আছে। দীর্ঘদিন পর দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাওয়ায় দলের ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়া ও বন্ধনও আরও শক্ত হয়েছে।

এবারই প্রথম এশিয়ান গেমসের ক্রিকেটে মাঠে নামবেন লিটন, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান ও সাইফ হাসানের মতো জাতীয় দলের ক্রিকেটাররা। ২০২৩ সালে এশিয়ান গেমস ও ওয়ানডে বিশ্বকাপ একই সময়ে হওয়ায় জাতীয় দলের মূল খেলোয়াড়দের অংশ নেওয়া হয়নি।

তাই প্রথমবারের এই অভিজ্ঞতাকে স্মরণীয় করে রাখতে চান লিটন। তাঁর কাছে এশিয়ান গেমসের সবচেয়ে বড় আকর্ষণ স্বর্ণপদক।

লিটনের ভাষায়, জাতীয় দলের হয়ে এ ধরনের বড় আসরে প্রতিনিধিত্ব করাটাই বিশেষ ব্যাপার। তবে শেষ পর্যন্ত স্বর্ণপদক জেতাই দলের বড় স্বপ্ন। সেই লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন তারা।

এশিয়ান গেমস নিয়মিত আয়োজন করা হয় না বলেও টুর্নামেন্টটি নিয়ে দলের ক্রিকেটারদের বাড়তি আগ্রহের কথা জানান বাংলাদেশ অধিনায়ক। তাঁর প্রত্যাশা, রোমাঞ্চ ও আত্মবিশ্বাস নিয়েই এবার স্বর্ণের লড়াইয়ে নামবে বাংলাদেশ।