আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাদ্রিদ ডার্বিতে রেফারিং নিয়ে শুরু হওয়া বিতর্ক এবার নতুন মাত্রা পেয়েছে। রিয়াল মাদ্রিদের অভিযোগের সমালোচনা করে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস মন্তব্য করার পর তাঁর বিরুদ্ধে পাল্টা কঠোর অবস্থান নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
ডার্বিতে রেফারির সিদ্ধান্ত নিয়ে রিয়াল মাদ্রিদের সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তেবাস ক্লাবটির অফিশিয়াল চ্যানেল রিয়াল মাদ্রিদ টিভিকে ‘দ্য রেজিম'স টেলিভিশন’ বলে মন্তব্য করেন। একই সঙ্গে রেফারিং নিয়ে রিয়ালের অভিযোগকে পুরোনো অজুহাত হিসেবেও উল্লেখ করেন তিনি।
তেবাসের এমন বক্তব্যের পরই আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে রিয়াল মাদ্রিদ। সেখানে লা লিগা সভাপতির বিরুদ্ধে তাঁর প্রাতিষ্ঠানিক অবস্থানের অপব্যবহার করে নিয়মিত রিয়াল মাদ্রিদকে আক্রমণ এবং ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়।
রিয়ালের দাবি, লা লিগার সব ক্লাবের স্বার্থ রক্ষা করার দায়িত্বে থাকা একজন সভাপতি কীভাবে বারবার একটি নির্দিষ্ট ক্লাবকে আক্রমণের লক্ষ্যবস্তু বানাতে পারেন, সেটিই উদ্বেগের বিষয়।
বিবৃতিতে তেবাসের বক্তব্যকে দায়িত্বশীল কর্মকর্তার জন্য ‘গুরুতর’ ও ‘অশোভন’ আচরণ হিসেবেও উল্লেখ করেছে রিয়াল। ক্লাবটির ভাষ্য, তেবাস নিজের দায়িত্বের সীমা ছাড়িয়ে রিয়ালের ক্রীড়া পরিকল্পনা ও কৌশল নিয়েও মন্তব্য করছেন।
রিয়াল মাদ্রিদ আরও অভিযোগ করেছে, প্রতিযোগিতার নিরপেক্ষতা নিশ্চিত করার পরিবর্তে নিজের পদ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ক্লাবটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন লা লিগা সভাপতি। তাদের মতে, এ ধরনের আচরণ স্প্যানিশ ফুটবল ও লা লিগার আন্তর্জাতিক মর্যাদাকেও ক্ষতিগ্রস্ত করছে।
বিবৃতির শেষ দিকে লা লিগার নেতৃত্ব নিয়েও সরাসরি প্রশ্ন তুলেছে রিয়াল। ক্লাবটির দাবি, স্প্যানিশ পেশাদার ফুটবলে এমন একজন নিরপেক্ষ ও দক্ষ কর্মকর্তার প্রয়োজন, যিনি প্রতিযোগিতার নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি ক্লাবগুলোর আস্থার মর্যাদা রাখবেন।
মাদ্রিদ ডার্বির একটি রেফারিং সিদ্ধান্তকে ঘিরে শুরু হওয়া বিতর্ক তাই এখন রিয়াল মাদ্রিদ ও লা লিগা সভাপতির প্রকাশ্য বাকযুদ্ধে রূপ নিয়েছে।










