অপেক্ষার প্রহর গোনা শুরু হয়েছে আগেই। আগামী ৬ অক্টোবর রাতে বাংলাদেশ সময় আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা লিওনেল মেসির। বেনিনের বিপক্ষে সেই ম্যাচকে ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে বিশেষ আবহ। তারই মধ্যে শেষ ম্যাচের বিশেষ জার্সির ঝলক দেখিয়ে ভক্তদের আবেগ আরও বাড়িয়ে দিলেন আর্জেন্টাইন কিংবদন্তি।
ইনস্টাগ্রামে প্রকাশ করা এক ভিডিওতে মেসিকে দেখা যায়, আর্জেন্টিনার পতাকার রঙে তৈরি এক জোড়া বুট সোফার ওপর রাখছেন। এরপর পাশে থাকা হ্যাঙ্গার থেকে নিজের ১০ নম্বর জার্সি সরিয়ে সেখানে ঝুলিয়ে দেন নতুন একটি জার্সি।
জার্সিটি মেসিরই ১০ নম্বর জার্সি, তবে নকশায় রয়েছে বিশেষত্ব। ক্যাপশনে মেসি লিখেছেন, ‘শেষ ম্যাচ...আজীবনের স্মারক জার্সি। শেষ লড়াই...আজীবনের জন্য স্মারক এক পোশাক।’
জাতীয় দলের হয়ে মেসির সম্ভাব্য শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতেই বিশেষভাবে তৈরি করা হয়েছে জার্সিটি। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আবেগঘন প্রতিক্রিয়া দেখা যায়।
মেসির পোস্টে করতালির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর সাবেক বার্সেলোনা সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু নেইমার। আর্জেন্টিনার ফর্মুলা ওয়ান চালক ফ্রাঙ্কো কোলাপিন্তোও আবেগঘন মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ‘যদি কখনো না যেতেন। আপনাকে ভীষণ মিস করব।’
মেসির শেষ ম্যাচের জার্সিতেও থাকছে আলাদা নকশা। হালকা নীল রঙের জার্সির মাঝ বরাবর রয়েছে লম্বালম্বি সাদা স্ট্রাইপ। পেছনে খেলোয়াড়ের নাম ও নম্বর সোনালি রঙে ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি বিশেষ শৈলীতে রাখা হয়েছে আর্জেন্টিনার জাতীয় প্রতীক ‘সান অব মে’।
বেনিনের বিপক্ষে ম্যাচটি তাই শুধু আরেকটি আন্তর্জাতিক ম্যাচ নয়, মেসি-ভক্তদের কাছে হয়ে উঠতে যাচ্ছে একটি যুগের শেষ অধ্যায়ের সম্ভাব্য সাক্ষী।










