
বাংলাদেশ জাতীয় দলের সাবেক বাঁ-হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল আর নেই। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।
ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই বাঁ-হাতি স্পিনার। সফর অস্ত্রোপচার হলেও পরে ইনফেকশন হয়ে যায়। সেখান থেকে বাসা বাঁধে ক্যান্সার। গত ১৫ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছিলেন রুবেল। এরপর আবার ভর্তি হন ইউনাইটেড হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
২০১৯ সালে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। প্রায় দেড় বছরের চিকিৎসায় সুস্থ হয়ে উঠছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে এমআরআইয়ে জানতে পারেন যে টিউমারটি আবার বাড়তে শুরু করেছে। তারপর থেকে চলছিল কেমোথেরাপি।
মোশাররফ রুবেল জাতীয় দলের জার্সিতে পাঁচটি ওয়ানডে খেলেছেন। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়। এছাড়া ১১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩৯২ উইকেট নিয়েছেন তিনি। লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ১০৪টি। উইকেট নিয়েছেন ১২০টি।



