
ইংল্যান্ডের টেস্ট দলের নতুন অধিনায়ক হয়েছেন বেন স্টোকস। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ইংলিশ ক্রিকেট বোর্ড। দীর্ঘ পাঁচ বছর টেস্ট দলকে নেতৃত্ব দেওয়া রুটের স্থলাভিষিক্ত হলেন স্টোকস। তিনি ইংলিশদের ক্রিকেট ইতিহাসের ৮১তম টেস্ট অধিনায়ক।
এক বিবৃতিতে স্টোকস বলেন, ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব করার সুযোগ পেয়ে আমি গর্বিত। এই মৌসুমে দায়িত্ব শুরু করার বিষয় নিয়ে উদ্দীপিত ।
আগামী জুনে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ওই সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে নিজের অভিযান শুরু করবেন ৩০ বছর বয়সী স্টোকস।
২০১৩ সালের ডিসেম্বরে ইংল্যান্ড টেস্ট দলে অভিষেক থেকে এ পর্যন্ত ৭৯টি ম্যাচ খেলেছেন স্টোকস। ২০১৭ সালের শুরুর দিকে তাঁকে সহ-অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়।
এর আগে ২০২০ সালে ইংল্যান্ডের হয়ে প্রথম টেস্টে অধিনায়কত্ব করেছিলেন স্টোকস।



