
মেহেদী হাসান মিরাজ চোট পাওয়ায় তার বদলে ১৫ মাস পর জাতীয় দলে খেলার সুযোগ পায় নাঈম হাসান। দলে ফিরে এসে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে নিজের দক্ষতা দেখিয়েছেন এই স্পিনার। প্রথম ইনিংসে শিকার করেন ছয় উইকেট । তবে প্রথম টেস্টে ঝলক দেখিয়ে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছে এই তরুণ স্পিনার ।
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন নাঈম। ব্যাথা নিয়ে বোলিং চালিয়ে যান তিনি। বৃহস্পতিবার ম্যাচ শেষে এক্স-রে করানোর পর জানা যায় নাঈমের চোট পাওয়া আঙুলটি ভেঙে গেছে। একারনেই ঢাকা টেস্টের একাদশে থাকছেন না এই ২২ বছর বয়সী স্পিনার।
দ্বিতীয় টেস্টে নাঈমের পরিবর্তে কে খেলবে তা এখনো ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ।
আগামী ২৩ মে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।



