

ঢাকায় এসেছেন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে। ক্রিকেটের সর্ব্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান ঢাকায় এসেছেন দুদিনের সফরে।
রবিবার (২২ মে) দুপুরে শাহজালাল বিমানবন্দরে নামেন তিনি। বিমানবন্দর থেকে হোটেলে উঠেন বার্কলে। বিকেলে শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শন শেষে রাতে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে ডিনারে যোগ দিবেন আইসিসি চেয়ারম্যান।
আগামীকাল (২৩মে) সোমবার বাংলাদেশ- শ্রীলঙ্কা মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম সেশন দেখবেন তিনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথা রয়েছে বার্কলের।
পরে দুপুরে সিলেট গিয়ে ঘুরে দেখবেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। এরপর আবার ঢাকায় ফিরবেন তিনি।
বাংলাদেশ থেকে বার্কলে যাবেন ভারতে, দেখবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফ ও ফাইনাল ম্যাচ। মূলত আইপিএলের জন্যই দক্ষিণ এশিয়া সফরে এসেছেন তিনি। আইসিসির চেয়ারম্যান ছাড়াও আইপিএলের মহাযজ্ঞে আমন্ত্রণ পেয়েছেন সব ক্রিকেট বোর্ডের প্রধানরা।
আইসিসি প্রধান আইপিএলের আমন্ত্রণ নাকচ করেননি। সেই সুযোগে বাংলাদেশ ঘুরে যাচ্ছেন বার্কলে। বার্কলের সঙ্গে ভারতে সফর করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও।



