

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে একের পর এক উইকেট হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশ। তামিম, সাকিব, লিটনের পর সাজঘরে ফিরে গেছেন মুশফিকুর রহিম এবং ইয়াসির আলি রাব্বিও।
জোহানেসবার্গে রোববার টস জিতে আগে ব্যাট করতে নামার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এরপর ব্যাট করতে নেমে প্রথম দুই ওভার দেখেশুনেই খেলেন তামিম ইকবাল ও লিটন দাস। তৃতীয় ওভারে ভেঙে যায় এই জুটি। বাড়তি বাউন্সের জন্য লুঙ্গি এনগিডির ডেলিভারি ঠিক মতো খেলতে পারেননি তামিম ইকবাল। ব্যাটের সোল্ডারে লেগে উঠে যায় সহজ ক্যাচ। ব্যাকওয়ার্ড পয়েন্টে তা মুঠোবন্দি করেন কেশভ মহারাজ। ৪ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান তামিম।
আগের ম্যাচে ফিফটি করা সাকিব আল হাসান ক্রিজে আসেন এরপর। কিন্তু তিনিও বেশিক্ষণ ভরসা যোগাতে পারেননি। কিছুটা অতিরিক্ত বাউন্স পাওয়া বলটি তিনি তুলে দেন কাভারে দাঁড়ানো ভেরেইনের হাতে। ৬ বল খেলেও কোনো রান করতে পারেননি তিনি।
তামিম-সাকিবের উইকেট হারালেও, বলের বাউন্স ও মুভমেন্ট বুঝে দেখেশুনেই খেলছিলেন লিটন। তিনটি বাউন্ডারি হাঁকিয়ে নিজের আত্মবিশ্বাসেরও জানান দেন এ ডানহাতি ওপেনার। কিন্তু রাবাদার ভেতরে ঢোকা বাউন্সার বলে ধরা পড়লেন তিনি।
ইনিংসের অষ্টম ওভারের প্রথম বলটিই খানিক টেনে খাটো লেন্থে করেন রাবাদা। হালকা সুইং করে ভেতরে ঢুকছিল সেই ডেলিভারি। বলের লাইন থেকে সরে যাওয়ার চেষ্টা করেও বাঁচতে পারেননি লিটন। বল তার ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের গ্লাভসে। আউট হওয়ার আগে ২১ বলে ১৫ রান করেন লিটন।
এরপর ক্রিজ থেকে বিদায় নেন মুশফিকুর রহিম এবং ইয়াসির আলি রাব্বিও। কাগিসো রাবাদার বাড়তি বাউন্সে সহজ ক্যাচ দেন রাব্বি। অনায়াসে ছেড়ে দিতে পারতেন বল। কিন্তু তবুও বাড়তি বাউন্স করা বল তাড়া করতে যান ইয়াসির। ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে। ১৪ বলে করেন ২ রান করে ফিরে যান ইয়াসির।
ওয়ান্ডারার্সে অসংখ্য ম্যাচে ইনিংস মেরামত করে বাংলাদেশকে বাঁচানো মুশফিকুর রহিমও এবার ব্যর্থ হয়েছেন। ওয়েইন পার্নেলের বল ভুল লাইনে খেলে হলেন এলবিডব্লিউ। বাঁহাতি পেসারের লেগ স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়া বলে আরও বেশি সুইং আশা করেছিলেন মুশফিক। কিন্তু তার প্রত্যাশার চেয়ে সুইং ছিল বেশ কম। আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ না নিয়ে ফেরেন মুশফিক।
এখন ক্রিজে খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৫ রান।



