আর্জেন্টাইন বিস্ময় বালককে দলে পেতে ১ হাজার ৪০০ কোটি টাকার প্রস্তাব
হেড অফ ডিজিটাল মিডিয়া


মাত্র ২১ বছর বয়সে বিশ্বকাপ জিতে হইচই ফেলে দিয়েছেন আর্জেন্টাইন বিস্ময় বালক এনসো ফার্নান্দেজ। তাকে দলে পেতে রীতিমতো কাড়াকাড়ি লেগে গেছে দলবদলের বাজারে। এক দুইশো কোটি নয় ,এই বিস্ময় বালককে দলে পেতে ১ হাজার ৪০০ কোটি টাকার প্রস্তাব দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। ১২৭ মিলিয়নের এই প্রস্তাব ছাড়াও এর আগে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে আরেক ইংলিশ জায়ান্ট লিভারপুল। এই চুক্তি সম্পন্ন হলে আর্জেন্টিনা এবং ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে সবচে দামী ফুটবলার হতে যাচ্ছেন এই বিস্ময় বালক।কাতার বিশ্বকাপের দলে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে জায়গা হয়েছিল এই তরুণ ফুটবলারের। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে একাদশে না থাকলেও লিওনেল স্কালোনি তাকে সুযোগ দেন মেক্সিকোর বিপক্ষে। সুযোগ পেয়েই সেই ম্যাচে নিজেকে প্রমাণ করেন এই তরুণ। দৃষ্টিনন্দন গোল করার পাশাপাশি অসাধারণ পারফরম্যান্সে দলে জায়গা পাকাপোক্ত করে নেন এনসো ফার্নান্দেজ। এরপর বাকি ম্যাচগুলোতে একপ্রকার ভরসার নাম হয়ে উঠেন তিনি। অসাধারণ পারফরম্যান্স এর দরুন বিশ্বকাপের সেরা উদীয়ামান তারকার পুরস্কার জিতে নেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার।বিশ্বকাপে দুর্দান্ত খেলার পর তাই বড় বড় ক্লাবগুলোর নজরে পড়েছেন এনসো ফার্নান্দেজ। যদিও বিশ্বকাপের আগেই তার উপর নজর ছিলো ইউরোপের বড় ক্লাবগুলোর। বিশ্বকাপের আগে বেনফিকার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আর্জেন্টিনা দলে জায়গা করে নিয়েছিলেন। চ্যাম্পিয়নস লিগের পারফরম্যান্স এর পর তাকে দলে বেড়াতে বেনফিকার সঙ্গে যোগাযোগ শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, চেলসির মত জায়ান্ট ক্লাবগুলো। এদিকে বিশ্বকাপের পারফরম্যান্সের পর এনসোকে পেতে জোর চেষ্টা চালাচ্ছে আগে থেকেই চেষ্টা চালানো ক্লাবগুলো। বিভিন্ন সূত্রমতে, বিশ্বকাপের পরপরই তাকে দলে পেতে বেনফিকাকে প্রায় ১০০ মিলিয়ন ডলারের প্রস্তাব দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। এই খবর চাউর হবার পর সবাইকে টেক্কা দিয়ে এনসোকে দলে টেনে নেওয়ার জন্য বেনফিকাকে ১২৭ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের বড় ক্লাব চেলসি। এনসো ফার্নান্দেজের জন্য নিজেদের ইতিহাসের সব রেকর্ড ভঙ্গ করতে রাজি লন্ডনের এই ক্লাব ।চেলসির প্রস্তাবিত ১২৭ মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা । মজার ব্যাপার হচ্ছে বিশাল অংকের এই প্রস্তাবে বেনফিকা এখন পর্যন্ত রাজি হয়নি। আর্জেন্টাইন এই বিস্ময় বালক কে কোনোভাবেই বিক্রি করতে চাচ্ছে না ক্লাবটি। এদিকে খবর শোনা যাচ্ছে, চেলসির এই প্রস্তাবের উপরে অন্য কোনো ক্লাব যেতে পারবে না। ফলে এনসো ফার্নান্দেজের পরবর্তী গন্তব্য হিসেবে চেলসিই সবার উপরে অবস্থান করছে। শেষ পর্যন্ত এনসো যদি চেলসিতে ভেড়েন, তাহলে আর্জেন্টিনা এবং প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে যাবেন তিনি। এদিকে নতুন বছরের জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউরোপের ক্লাব ফুটবলের শীতকালীন দলবদল। বিশ্বকাপ ট্রফি জেতার পর নতুন ক্লাবে পাড়ি জমানো নিয়ে এখনও মাথা ঘামাচ্ছেন না আর্জেন্টাইন এই ফুটবলার। মঙ্গলবার গণমাধ্যমকে এঞ্জো বলেছেন, 'আমি আমার ভবিষ্যৎ বা প্রস্তাবগুলো সম্পর্কে জানি না। এটা আমার প্রতিনিধি দেখভাল করছে। আমি এই বিষয়ে মাথা ঘামাতে চাই না। ক্লাব ফুটবলের টুর্নামেন্টে আগামী ৩০ ডিসেম্বর রাতে মাঠে নামবে এনসোর ক্লাব বেনফিকা। বিশ্বকাপ জয় উদযাপনের জন্য পাওয়া ছুটি কাটিয়ে ওই ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা রয়েছে এঞ্জোর। ১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বেনফিকা।



