

আর্জেন্টিনা জাতীয় ক্রিকেট দলের পক্ষ থেকে তাদের একটি জার্সি উপহার দেওয়া হয়েছে বাংলাদেশকে। সেই জার্সি গ্রহণ করেছেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।দেশটির ছেলে ও মেয়েদের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হার্নান ফিনেল ও অ্যালিসন স্টোকস এই উপহার পাঠিয়েছেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের স্বীকৃত পেজে দুটি ছবি পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সঙ্গে থাকা ক্যাপশনে জানানো হয়েছে,বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে জার্সিটি পাঠিয়েছেন আর্জেন্টিনার পুরুষ ও নারী ক্রিকেট দলের দুই অধিনায়ক।জার্সিটি বাংলাদেশে নিয়ে এসেছেন আয়ারল্যান্ডের ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-আয়ারল্যান্ডের তৃতীয় টি-টোয়েন্টির আগে সেটি সাকিবের হাতে তুলে দেওয়া হয়। শুভেচ্ছা হিসেবে পাওয়া স্মারকটি নিয়ে লিওনার্ডের সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন তিনি।কাতার বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে সমর্থন দিয়েছেন বাংলাদেশের অসংখ্য ভক্ত। এমনকি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের দিন ও আনন্দ উদযাপনে বের হয়ে পড়েন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিষয়টি আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফদের প্রশংসা কুড়ায়। আর্জেন্টিনায়ও সেই ভিত্তিতে সাড়া দেয় । যার ফলে আর্জেন্টিনার ভক্তরাও বাংলাদেশের ক্রিকেট অনসুরণ শুরু করে। সাকিবকে জার্সি পাঠানো তারই অংশ।



