

সাকিব আল হাসান আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচটি খেলছেন কি না, সেটা নিয়ে নানা রকম জল্পনা কল্পনা ছিলো। কারণ আইপিএল এ কলকাতা যে তাঁকে খুব করে চাইছে! গুঞ্জন উঠেছিল, সাকিব টেস্ট ম্যাচ না খেলেই লিটনের উপর দায়িত্ব দিয়ে কোটি টাকার টুর্নামেন্টে যোগ দিচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত সাকিবের এনওসি পাওয়া নিয়ে সব শংকা গুড়িয়ে বিসিবি সভাপতি জানান, সাকিব টেস্ট খেলেই তবেই কলকাতার বিমান ধরছেন। সে হিসেব অনুযায়ী আগামী ৯ই এপ্রিল কলকাতা শিবিরে যোগ দেওয়ার কথা থাকলেও এখন ক্রিকেট পাড়ায় নতুন খবর চাউর হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের আগের দিন জানা গেল, শুধু এই কয়েকদিনের জন্য না, বরং আইপিএল এর পুরো সিজনটাই না খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। নাইট রাইডার্সের হয়ে এবার কোনো ম্যাচেই দেখা যাবে না তাঁকে। চলতি আয়ারল্যান্ড সিরিজের পর বাংলাদেশের ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাবে ৯ থেকে ১৪ মে। এর আগে একটি প্রস্তুতি ম্যাচও আছে। তাই কলকাতা সাকিবকে আইপিএল এর শুরুর দিকে যেমন পাচ্ছে না, শেষের দিকেও পাচ্ছে না। কারণ আইপিএল শেষ হতে হতে ২৮ মে পর্যন্ত যাবে। তাই কলকাতার পক্ষ থেকে সাকিবকে প্রস্তাব দেওয়া হয়েছে, তিনি যদি টিম থেকে নিজের নামটা প্রত্যাহার করে নেন, তবে রাইডার্সরা তাঁর জায়গায় অন্য কোনো বদলি খেলোয়াড় খেলাতে পারবে। একই অনুরোধ লিটনকেও করেছিল কলকাতার ম্যানেজম্যান্ট। তবে লিটন রাজি না হলেও রাজি হয়েছেন সাকিব। মুলত সাকিবের সঙ্গে কলকাতার সম্পর্ক অনেক দিনের। সাকিব চাইলেই চুক্তি অনুযায়ী নিজের নাম প্রত্যাহার না ও করতে পারতেন। আর চুক্তির শর্তে কলকাতাকেও সেটা মেনেই সাকিবকে দলে রাখতে বাধ্য হতো। তবে কোটি টাকার মায়া ত্যাগ করে সুসম্পর্কের কারণেই কলকাতার সিদ্ধান্ত মেনে নিয়েছেন তিনি। আইপিএল এ সাকিবে খেলা বা না খেলা নিয়ে জল কম ঘোলা হয় নি। তবে সর্বশেষ এই সিদ্ধান্ত এলো যে, এবারের আইপিএলে শেষ পর্যন্ত সাকিব খেলছেন না। তবে এ ব্যাপারে সাকিবের কাছে জানতে চাইলে তিনি কিছু বলতে চাননি।



