

প্রথম দিনের শেষ সেশনের শেষ বলে তামিম ইকবাল উইকেট বিলিয়ে দিয়ে আসার পর আজ দ্বিতীয় দিনের শুরুতেই আবারো হোঁচট খেলো বাংলাদেশ। আয়ারল্যান্ডের বোলার অ্যাডায়ারের বলে শাফল করে ফ্লিক করতে গিয়ে লেগ স্ট্যাম্প খুইয়েছেন নড়বড়ে মুমিনুল হক সৌরভ। দ্বিতীয় দিনের শুরুতে আইরিশ বোলারদের ভালো ভাবেই সামলাচ্ছিলেন মুশফিকুর, কিন্তু মুমিনুলকে দেখে এতোটা সাবলীল মনে হয় নি। দ্বিতীয় দিনের প্রথম সেশনে অস্বস্তি নিয়েই দিন শুরু করলো টাইগার বাহিনী। সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত ছন্দে থাকা ওপেনার নাজমুল হোসেন শান্ত টেস্টে ফিরে গতকাল এক বলও টিকতে পারেন নি। এই বাঁহাতি সাজঘরে ফেরার পর দিনের শেষ বলে হারায় আরেক ওপেনার তামিম ইকবালকেও। অ্যাডায়ারের বল শাফল করে ফ্লিক করতে গিয়ে বোল্ড হওয়ার আগে ৩৪ বলে চারটি চারের মারে ১৭ রান করেন মুমিনুল।এর পর দলের হাল ধরেছেন মুশফিক- সাকিব। ইতোমধ্যে দুজন মিলে পঞ্চাশ রানের জুটিও গড়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৪ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ১০৭ রান।



