

দিল্লি শিবিরে একের পর এক দুঃসংবাদের স্রোত যেন থামছেই না। এমনিতেই একের পর এক হারে বিপর্যস্ত পুরো দলের মানসিক অবস্থা। ৫ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে পড়ে আছে দলটি। এর মধ্যেই আরেক লজ্জার খবর, দলটির ক্রিকেটারদের কিট ব্যাগ থেকে কে বা কারা যেন ব্যাট, প্যাড এবং গ্লাভস চুরি করে নিয়ে গেছে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগের দিন এমন ভোগান্তিতে পড়তে হয়েছে ডেভিড ওয়ার্নার-মুস্তাফিজুর রহমানদের।হিসেব করে দেখা গেছে, দিল্লির ক্রিকেটারদের মোট ১৬টি ব্যাট চুরি হয়েছে। এর মধ্যে পাঁচটি ব্যাটই ইয়াশ ধুলের, তিনটি ফিল সল্টের, তিনটি ডেভিড ওয়ার্নারের এবং দুটি মিচেল মার্শের। এর বাইরে অন্যান্য সরঞ্জামও খুঁজে পাচ্ছে না দলটির ক্রিকেটাররা। গত ১৫ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলা শেষ করে যখন ওয়ার্নার-মুস্তাফিজরা দিল্লি ফিরছিলেন, সে সময়ই চুরির ঘটনাটি ঘটে। আইপিএলের একটি সূত্র এএনআইকে বলেছে, 'দিল্লি ক্যাপিটালস দল তাদের ব্যাগ থেকে কিছু ব্যাট, প্যাড এবং অন্যান্য সরঞ্জাম হারিয়েছে। বেঙ্গালুরু থেকে দিল্লি এয়ারপোর্টে নামার পর তারা বেশ কিছু ব্যাট, প্যাড খুঁজে পায়নি।'



