

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের ঘরের মাঠে শেষ ম্যাচে বড় জয়ই পেলো আর্জেন্টিনা।
নিজের ক্লাব দল ফ্রান্সের পিএসজিতে সময়টা ভালো না কাটলেও জাতীয় দলে ঠিকই স্বরূপে ফিরলেন লিওনেল মেসি, ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারালো আলবিসেলেস্তে। ফেরার ম্যাচে উপহার দিয়েছেন জাদুকরী কিছু মুহূর্ত। সুযোগ তৈরি করেছেন, জাল খুঁজে নিয়েছেন। যে কারণে আর্জেন্টিনা সহজেই হারিয়েছে তলানির দল ভেনেজুয়েলাকে।
খেলা শেষে মেসি বলেন, ‘আমি জানি না বিশ্বকাপের পর কী করব। এ মুহূর্তে সামনে যা আসছে তা নিয়ে ভাবছি। তবে কাতার মিশনের পর অনেক বিষয় বদলে যাবে। নতুন করে সবকিছু শুরু করব।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্রথমার্ধে নিকোলাস গনসালেস দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান আনহেল দি মারিয়া। শেষ গোলটি করেন স্বাগতিক অধিনায়ক।
এখন পর্যন্ত খেলা ১৬ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা।
সমান ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে পাওয়া ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সবার নিচে থাকা ভেনেজুয়েলার সংগ্রহ ১৭ ম্যাচে ১০ পয়েন্ট।
ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ৩-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের মতো আজও পূর্ণ আধিপত্য ছিল আলবিসেলেস্তেদের। ম্যাচের প্রায় ৭৩ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিলো মেসিদের পায়েই। গোলের জন্য তারা শটও করে ১৬টি। লক্ষ্য বরাবর থাকে ৬টি।



