

ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলে থাকছেন না তামিম ইকবাল, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর দিনভর চলে এই গুঞ্জন। ঘোষিত দলে শেষ পর্যন্ত নেই দেশসেরা এই ওপেনারের নাম। কেন বাদ দেয়া হলো তাকে, এ নিয়ে দল ঘোষণার পরই মুখ খুলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।তিনি বলেছেন, ইনজুরির কারণে তামিম ইকবালকে বিশ্বকাপ দলে রাখা হয়নি। তামিম ইকবালের অনেকদিন ধরেই ইনজুরি নিয়ে চিন্তা আছে। নিউজিল্যান্ড সিরিজের পর সবকিছু বিবেচনা করে সবাই আলোচনা করেই এ সিদ্ধান্ত নেয়। বিশ্বকাপ অনেক দিনের ব্যাপার, অনেক ম্যাচ আছে।এর আগে, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে বিশ্বকাপের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাতে বিসিবির ফেসবুক পেজ ও ইউটিউবে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি উন্মোচন করে দলে সুযোগ পাওয়া খেলোয়াড়েরা।এরপরে বিশ্বকাপের দল নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তাতে উপস্থিত ছিলেন তিন নির্বাচকই।এ সময় নান্নু আরও বলেন, তামিম অন্যতম সেরা প্লেয়ার। কিন্তু চোটের দুশ্চিন্তা থাকলে নিজেকে মেলে ধরা কঠিন। মেডিকেলের সঙ্গে আলোচনা করেছি, নিজেদের মধ্যে আলোচনা করেছি।বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব।



