

আগামী বছর ঘরোয়া ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। জালিয়াতির অভিযোগে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি তাদের এ শাস্তি দিয়েছে। একইসঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ২০২৪ সালের ৬ জানুয়ারির মধ্যে পরিশোধ করতে হবে।রোববার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।বাফুফে জানিয়েছে, এ বছর তৃতীয় বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয় চকবাজার কিংস। ওই দলের কয়েকজন ফুটবলার দ্বিতীয় বিভাগে বিকেএসপির হয়ে খেলেছেন। আবার বিকেএসপির কয়েকজন শিক্ষার্থী চকবাজার কিংসের হয়ে তৃতীয় বিভাগে অন্য নামে খেলেছেন। দুই লিগে দুই পরিচয়ে খেলার বিষয়টি বাফুফের নজরে আসে। এরপর বাফুফে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ ও কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দোষ খুঁজে পায়। তারপর বাফুফে ডিসিপ্লিনারি কমিটি এ বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করে। এর মধ্য দিয়ে বাংলাদেশের ক্রীড়াজগতের আঁতুড়ঘর হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠাননের নামের সাথে কালো অধ্যায় যুক্ত হলো। ডিসিপ্লিনারি কমিটির সুপারিশ অনুযায়ী বিকেএসপির সিনিয়র ফুটবল কোচ শাহীনুল হক এবং প্রশিক্ষক রবিউল ইসলামকে ফুটবলসংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। পাশাপাশি দুজনকে ২৫ হাজার টাকা করে আর্থিক জরিমানাও করা হয়েছে। আর নাম পরিবর্তনকারী তিন খেলোয়াড় নিজ দলের পক্ষে পরবর্তী ছয় ম্যাচ নিষিদ্ধ থাকবে।



