

কিছুদিন আগেই বাঁ হাতের কনুইয়ের পুরোনো চোটে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভেন স্মিথ। সেই ধাক্কা না সামলাতেই আরেকটি দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। পাকিস্তানের বিপক্ষে সাদা বলের লড়াইয়ের আগে এবার নতুন করে চোটে পড়েছেন তারকা অলরাউন্ডার মিচেল মার্শ। এ যেন মরার উপর খারার ঘা হয়ে এলো দলটির জন্য।
ক্রিকইনফোর একটি প্রতিবেদনে বলা হয়, অনুশীলন চলাকালে পায়ের পেশিতে চোট পেয়েছেন তারকা পেস অলরাউন্ডার মিচেল মার্শ। ফলে শঙ্কা তৈরি হয়েছে তার খেলা নিয়ে। মার্শের চোটের জন্য স্কোয়াডে যুক্ত হয়েছেন উদীয়মান তারকা ক্যামেরন গ্রিন।
এ ব্যাপারে দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ সাংবাদিকদের বলেন, মিচেল তার কোমরের নিচের অংশের পেশিতে আঘাত পেয়েছে। আমাদের ধারণা, অনুশীলনের সময় এটা ঘটেছে। আমাদের অপেক্ষা করতে হবে এবং পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় তা দেখতে হবে। তবে চোটের পর তার যেমন অনুভূতি হচ্ছিল, সেটার ওপর ভিত্তি করে আমার মনে হয় না যে এই সিরিজে তাকে পাওয়া যাবে।
এদিকে, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের লড়াই শেষ করেছে টিম অস্ট্রেলিয়া । এবার সাদা বলের লড়াই শুরু হবে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আজ মঙ্গলবার। লাহোরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। সিরিজের বাকি দুই ম্যাচ আগামী বৃহস্পতি ও শনিবার। লাহোরেই দুই দলের একমাত্র টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ৫ এপ্রিল।



