খেলাধুলা


তানজিম সাকিবকে গুজরাটে নেওয়া কি সত্যি?


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার

 তানজিম সাকিবকে গুজরাটে নেওয়া কি সত্যি?
আইপিএলের নিলামের প্রথম দিনেই দল পেয়ে গেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তাকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বর্তমান চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটি মুস্তাফিজকে পেতে খরচ করেছে সাড়ে ৩ কোটি রুপি।
নিলামের দ্বিতীয় দিনে আরও এক বাংলাদেশি ক্রিকেটার বিক্রি হয়েছেন—নাম শুনে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তিনি সাকিব আল হাসান নন। বিসিসিআই আগেই সাকিব আল হাসানকে নিলামের তালিকা থেকে বাদ দিয়েছে। দ্বিতীয় দিনে যে বাংলাদেশি খেলোয়াড় নিলামে উঠেছেন, তিনি জাতীয় দলের তরুণ ফাস্ট বোলার তানজিম হাসান সাকিব। তাকে দলে নিয়েছে আইপিএলের সাবেক চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস
এখানেই শুরু হয় প্রশ্ন। আইপিএলের মূল নিলাম তো অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ১৬ ডিসেম্বর। তানজিম সাকিবের ভিত্তিমূল্যও নির্ধারিত আছে—৭৫ লাখ রুপি। তাহলে নিলামের আগেই কীভাবে গুজরাট টাইটানস তাকে দলে নিল? আইপিএল তো আর বিপিএল নয় যে নিলামের বাইরে ইচ্ছেমতো খেলোয়াড় দলে নেওয়া যাবে।
এর পেছনের বাস্তবতা হলো—এটি কোনো বাস্তব নিলাম নয়। এটি ছিল একটি মক নিলাম। আয়োজন করেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন এই মক নিলামের আয়োজন করেন, যার মূল উদ্দেশ্য ছিল আসন্ন আইপিএল নিলামের আগে ক্রিকেটারদের সম্ভাব্য বাজারমূল্য এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর কৌশল বিশ্লেষণ করা।
মক নিলামটিকে বাস্তবের মতোই উপস্থাপন করতে আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজির নামেই প্রতিনিধি রাখা হয়েছিল। প্রথম দিনে সেখানে মুস্তাফিজুর রহমান সাড়ে ৩ কোটি রুপিতে ‘বিক্রি’ হন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। দ্বিতীয় দিনে তানজিম হাসান সাকিবকে তার ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপিতেই দলে নেয় গুজরাট টাইটানস।
অর্থাৎ, গুজরাট টাইটানসের সঙ্গে তানজিম সাকিবের এই চুক্তি পুরোপুরি কাল্পনিক—এটি কেবল একটি মক নিলামের অংশ।
তবে প্রশ্ন থাকতেই পারে, কেন ৭৫ লাখ রুপিতেই গুজরাট সাকিবকে নেওয়ার আগ্রহ দেখিয়েছে? বাস্তব নিলামের প্রেক্ষাপট বিবেচনা করলে বিষয়টি বেশ যৌক্তিক। ১৬ ডিসেম্বরের নিলাম হবে তুলনামূলক ছোট পরিসরে। অধিকাংশ দলের কাছেই খুব বেশি বাজেট নেই। গুজরাট টাইটানসের হাতে আছে প্রায় ১৩ কোটি রুপি, আর তারা সর্বোচ্চ ৫ জন খেলোয়াড় নিতে পারবে।
ফ্র্যাঞ্চাইজিটি চাইবে অন্তত ১–২ জন বড় নাম দলে ভেড়াতে। সে ক্ষেত্রে বাকি স্কোয়াড পূরণ করতে কম বাজেটের কার্যকর খেলোয়াড় প্রয়োজন হবে। গুজরাটের পেস আক্রমণে কিছুটা ঘাটতি রয়েছে, বড় কয়েকটি নাম তারা আগেই ছেড়ে দিয়েছে। সেই জায়গায় কম দামে তানজিম হাসান সাকিব হতে পারেন কার্যকর একটি বিকল্প।
আইপিএলের ইতিহাসও বলে, বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ তুলনামূলক কম। ফলে ৭৫ লাখ রুপির ভিত্তিমূল্যে বিড শুরু হলে অন্য দলগুলো আগ্রহ নাও দেখাতে পারে। সেক্ষেত্রে ওই দামেই সাকিবকে পেয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে গুজরাটের।
সব মিলিয়ে, ১৬ ডিসেম্বরের আসল নিলামের আগে বিষয়টি বোঝাতেই এই মক নিলামের আয়োজন করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। বাস্তব নিলামে কী ঘটে, সেটার উত্তর মিলবে নির্ধারিত দিনেই।

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।