
ডাচ কোচ লুইস ফন গালের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত । এমন খবর জানার পর যে কেউ স্বাভাবিকভাবেই শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ার কথা । তবে লুইস ফন গাল কাউকে বুঝতেই দিলেন না কিছু। নেদারল্যান্ডকে অনুশীলন করালেন সেই অবস্থাতেই।
ডাচ কোচ হিসেবে দায়িত্ব পালন করা ফন গাল ইতিমধ্যেই দেশকে কাতার ২০২২ বিশ্বকাপের মূলমঞ্চে নিয়ে গেছেন। এর আগে তিনি ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে তৃতীয় স্থানে নিয়েছিলেন । যদিও তার নেতৃত্বে রাশিয়া বিশ্বকাপে স্থান পায়নি নেদারল্যান্ড।
রোববার ৭০ বছর বয়সী ফন গাল এক টিভি অনুষ্ঠানে নিজের ক্যানসারের কথা জানান। বলেন, রোগ গোপন রেখে কীভাবে দলের দায়িত্ব পালন করে গেছেন সে সম্পর্কে।
ফন গাল বলেন, 'জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্বে থাকাকালীন সময়ে আমাকে রাতে হাসপাতালে যেতে হয়েছে, খেলোয়াড়দের তা জানতে দেইনি। ভেবেছিলাম সুস্থ আছি, কিন্তু আসলে তা নয়।’
ফন গালের ভয় ছিল, এই খবর তাদের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। তাই নিজের অসুস্থতা গোপন রাখার সিদ্ধান্ত নেন তিনি।
প্রায় চার দশকের কোচিং ক্যারিয়ারে প্রায় সব সাফল্যের মালিক ফন গাল। তার কোচিংয়ে লিগ শিরোপা জিতেছে বার্সেলোনা, আয়াক্স, বায়ার্ন মিউনিখ এবং এজেড আলকেমার। তার অধীনে ১৯৯৪-৯৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল আয়াক্স।



