

আন্তর্জাতিক ডেস্ক:ভারতীয় কাবাডি গ্রেট সন্দীপ নানগাল একটি স্থানীয় প্রতিযোগিতা আয়োজন করতে ফিরেছিলেন মাতৃভূমিতে। আর এই ফেরাই কাল হল তার। আততায়ীর ২০ রাউন্ড গুলিতে চিরতরে দুনিয়া ছেড়ে চলে গেলেন ইংল্যান্ড ফেরত সন্দীপ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গতকাল সোমবার সন্ধ্যায়। জলন্ধরের মালিয়ান গ্রামে কাবাডি ম্যাচ চলাকালেই গুলি করা হয় তাকে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সঙ্গে সঙ্গেই স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন সন্দীপকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ১২জন দুষ্কৃতি হামলা চালায় সন্দীপের উপর। কেউ কেউ বলছেন, চার জন বন্দুকধারী ছিল। কেউ কেউ জানাচ্ছেন, গলফ খেলার কিছু সরঞ্জাম নিয়ে কথা কাটাকাটি শুরু হয়েছিল। সেখান থেকেই ঘটে এত বড় ঘটনা।
জলন্ধরের ডেপুটি পুলিশ সুপার লখবিন্দর সিং জানিয়েছেন, আট থেকে দশটি গুলি চালানো হয়েছে। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতিরা সন্দীপের বুক ও মাথা লক্ষ্য করে ২০ রাউন্ড গুলি চালায়।
যে কাবাডি প্রতিযোগিতার ম্যাচ চলাকালীন খুন হয়েছেন, সেই প্রতিযোগিতারই অন্যতম সংগঠক ছিলেন সন্দীপ। স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে অনেকদিন ধরেই ইংল্যান্ডে বসবাস করে আসছেন তিনি। প্রতি বছর এই কাবাডি প্রতিযোগিতা আয়োজনের জন্যই ভারতে আসতেন। এবার স্ত্রী, ছেলেরা আসেননি তাঁর সঙ্গে।
প্রায় এক দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে কাবাডি খেলেছেন সন্দীপ নানগাল। শুধু ভারত নয়, কানাডা, আমেরিকা এবং ইংল্যান্ডেও সুনামের সঙ্গে খেলেছেন তিনি। স্টপারের জায়গায় খেলতেন সন্দীপ। এই পজিশনে এতটাই দক্ষ ছিলেন যে মিলেছিল ডায়মন্ডের খেতাবও। নেতৃত্ব দিয়েছেন ভারত কাবাডি দলকেও।



