

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি বিশ্বপ্রযুক্তির টেক জায়ান্ট মাইক্রোসফটের কার্যক্রম পরিদর্শন ও মাইক্রোসফট টিমের সাথে মতবিনিময় করেছেন।
শুক্রবার (১৩ মে) আইসিটি বিভাগে জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার এ তথ্য জানান।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার মাইক্রোসফটের কার্যক্রম পরিদর্শন ও মাইক্রোসফট টিমের সাথে মতবিনিময় করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।
এ সময় টেক জায়ান্টের হার্ডওয়ার, সফটওয়্যার ও বিস্ময়কর উদ্ভাবনগুলো প্রত্যক্ষ করেন প্রতিমন্ত্রী।
মাইক্রোসফট টিমের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সরকারি- বেসরকারি সংস্থাগুলোর জন্য প্রস্তুতকৃত উদ্ভাবন ও উদ্যোগসমূহ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)পরিষেবাগুলো এবং এ সংক্রান্ত বাধাগুলো সম্পর্কে আবহিত হন৷
এ সময় মাইক্রোসফটের এআই সার্ভিসের সিনিয়র ডিরেক্টর সালমান কাজী, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমতিয়াজ ফারুক এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের নির্বাহীরা উপস্থিত ছিলেন।


