

ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। একের পর এক ব্যবসাসফল সিনেমা দিয়ে তিনি এখন বলিউডের নির্মাতাদের চাহিদার তুঙ্গে রয়েছেন।এরই ধারাবাহিকতায় এবার চুক্তিবদ্ধ হলেন বলিউডের জনপ্রিয় রোমান্টিক সিক্যুয়েল ‘আশিকী'-র তৃতীয় কিস্তিতে।এর আগে বহু অভিনেতাই এ ছবিতে কাজ করবেন বলে ইচ্ছে প্রকাশ করেছিলেন। এমনকি গুঞ্জন উঠেছিলো কয়েকজনের অভিনয় করা নিয়েও।শেষ পর্যন্ত এ ব্লকবাস্টার সিরিজের জন্য মনোনীত হলেন কার্তিকই। তবে তার বিপরীতে নায়িকা চরিত্রে কাকে দেখা যাবে, সেটি এখনও জানা যায় নি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে আশিকী ফ্র্যাঞ্চাইজিতে চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণা দেন অভিনেতা নিজেই।কার্তিক আরো জানান, কালজয়ী ক্লাসিক ‘আশিকি’ দেখে বড় হয়েছেন তিনি। তৃতীয় কিস্তিতে কাজ করা তার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। এছাড়া প্রথমবার অনুরাগের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আপ্লুত কার্তিক। নিজেকে পরিচালক অনুরাগ বসুর কাজের এক জন বড় ভক্ত বলে দাবি করেন তিনি।তাই পছন্দের পরিচালকের সঙ্গে কাজের সুযোগ পাওয়াকে কেরিয়রের অন্যতম সেরা প্রাপ্তি বলে মনে করছেন এ অভিনেতা।কার্তিকের পাশাপাশি এদিন ছবির লোগো পোস্টার সামনে আনে টিম ‘আশিকি ৩’। সে পোস্টারে অরিজিৎ সিং-এর মন ছোঁয়া কন্ঠে শোনা গেল- ‘অব তেরে বিন জিলেঙ্গে হাম’ গানটি।এ সিনেমার গানের দায়িত্ব পেয়েছেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক এবং সুরকার প্রীতম। আগামী বছর সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে।১৯৯০ সালে মুক্তি পায় রাহুল রায় এবং অনু আগরওয়াল অভিনীত ‘আশিকি’ সিনেমা। এই জুটিকে রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল ছবিটি।দর্শক-হৃদয় জয় করার পাশাপাশি বক্স অফিসেও চূড়ান্ত ভাবে সফল হয়েছিল মহেশ ভট্ট পরিচালিত ছবিটি। দীর্ঘ ২৩ বছর পর ২০১৩ সালে আসে সিক্যুয়েল ‘আশিকি ২’। শ্রদ্ধা কপূর এবং আদিত্য রায় কপূর অভিনীত সেই ছবির পরিচালনায় ছিলেন মোহিত সুরি। প্রথম ছবিতেই বলিউডে পাকা জায়গা তৈরি করে নিতে পেরেছিলেন শ্রদ্ধা এবং আদিত্য। তাদের অনস্ক্রিন রোমান্সে বুঁদ হয়ে ছিলো দর্শকরা।এই ছবিও বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। সিনেমাতে অরিজিৎ সিংহের গাওয়া গানগুলি ছেয়ে গিয়েছিল চারদিকে। ‘আশিকী ২’–এর সাফল্যের পরপরই নির্মাতারা ‘আশিকী ৩’ নির্মাণে আগ্রহী হন।এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল যে, সিদ্ধার্থ মালহোত্রা এবং আলিয়া ভট্ট তৃতীয় ভাগ নিয়ে আসতে চলেছেন। কিন্তু বিভিন্ন কারণে তা আর হয়ে উঠেনি। বর্তমানে বলিউডের অন্যতম ব্যস্ত এবং জনপ্রিয় নায়ক কার্তিক। বিশেষ করে গত মে মাসে ‘ভুল ভুলাইয়া টু’ মুক্তির পর তার ব্যস্ততা আরো বেড়ে যায়। বর্তমানে কার্তিকের হাতে আছে 'সত্য প্রেম কি কথা', ’‘ফ্রেডি’ এবং ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’-র মতো বেশ কয়েকটি ছবির কাজ।কার্তিক ‘সত্যপ্রেম কি কথা’- ছবির শ্যুটিং শুরু করেছেন। এতে তার বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানীকে। ভুলভুলাইয়া টু-এর পর সাফল্যের পর এই মিউজিকাল লাভ স্টোরিতে নজর কাড়বেন এ জুটি। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার ‘শেহজাদা’ ছবিটি।



