
তিন দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করে, বলিউডের বক্স অফিসে ‘বাদশাহ’ হয়ে উঠেছেন শাহরুখ খান। দীর্ঘ সময় ধরে সফলতার সাথে বলিউডে রাজত্ব করে গেছেন তিনি। দীর্ঘ এই জার্নিতে সাফল্যের সর্বোচ্চ শিখরে উঠে, মানুষের কাছে হয়ে উঠেছেন আইকনিক স্টার।বলিউডের কিং খানের জনপ্রিয়তা কেবল ভারতের সীমানাতেই নয়। এশিয়া থেকে ইউরোপ কিংবা আফ্রিকার কোনো দূরবর্তী দেশ, সবখানেই তার খ্যাতি আকাশছোঁয়া। ক্যারিয়ারের শুরুর দিকে শাহরুখ খান অভিনয় করাকে খুব একটা পছন্দ করতেন না। কিন্তু সবশেষে তার প্রাপ্তিটাই যেন অন্যান্য বলিউড তারকার তুলনায় বেশি।১৯৯২ সালে রাজ কুমার পরিচালিত, ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। এই সিনেমায় ধনী গায়ক ‘রবি’র চরিত্রে অভিনয় করে, ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।ক্যারিয়ারের শুরু থেকে দর্শকদের পরপর ১০টি হিট সিনেমা উপহার দেন কিং খান, যা নব্বই দশকে আর কোনো বলিউড অভিনেতার পক্ষে সম্ভব হয়নি।আশ্চর্য ব্যাপার হলো, ২০০৬ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত, আট বছরে একটিও ফ্লপ সিনেমা নেই বলিউড বাদশাহর। তাঁর অভিনীত বেশিরভাগ সিনেমাই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল।যে কারণে শাহরুখ অভিনীত সিনেমার ক্ষেত্রে প্রযোজকেরা ধরেই নিতেন, খরচের অনেকটা প্রথম দিনই উঠে আসবে। তাঁর বেশিরভাগ চরিত্রই ছিল মানুষের ভাঙা মনকে ঘিরে। তিনি কখনো ব্যর্থ প্রেমিক, কখনো বিষণ্ন নায়ক, কখনো ব্যর্থ স্বামী, কখনো বা নাজুক মুসলমান, এমনকি অবসাদগ্রস্থ খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন।ভক্তদের কাছে কখনোই একঘেয়ে হতে দেন না নিজেকে। তাঁর সিনেমার দারুণ প্রেম ও ভরপুর আবেগের কারণেই, দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি।যদিও সবশেষ তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। ২০১৮ সালে অভিনীত ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর, দীর্ঘদিন ধরে বড় পর্দায় অনুপস্থিত ছিলেন শাহরুখ।ভক্ত মহলের দীর্ঘ প্রতীক্ষার পর বেশ কিছু সিনেমা নিয়ে আবার ‘কামব্যাক’ হচ্ছে তাঁর। ইতোমধ্যে শাহরুখ অভিনীত পাঠান সিনেমাটি বক্স অফিসে বাজিমাত করছে।দীর্ঘ ৪ বছর অপেক্ষার পর, পাঠান দিয়ে বড় পর্দায় ফিরে ছক্কা হাঁকিয়েছেন শাহরুখ। ভারতের মাটিতে প্রথম দিনে, প্রায় ৫৫ কোটির ব্যবসা করে ইতিহাস তৈরি করেছে ‘পাঠান’। হিন্দি ছবির ইতিহাসে যা এখন পর্যন্ত সর্বোচ্চ।দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও চলছে ‘পাঠান ঝড়’। দেশ-বিদেশ মিলিয়ে ১১০ কোটির ব্যবসা এক দিনেই এনে দিয়েছে শাহরুখ খানের ‘কামব্যাক’ ছবি।কিং অব রোমান্সের অভিনীত ‘জওয়ান’ সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাবে। দক্ষিণী পরিচালক আতলি কুমার পরিচালিত এই সিনেমায়, শাহরুখের বিপরীতে দেখা যাবে নয়নতারাকে।এছাড়াও চলতি বছরের শেষ দিকে কিং খান অভিনীত বিগ বাজেটের সিনেমা ‘ডানকি’ মুক্তি পাবে। এই দুটো সিনেমার বাজিমাত দেখার অপেক্ষায় বলিউড বাদশাহর কোটি কোটি ভক্ত। শাহরুখ তিন দশক ধরে বলিউডে রাজত্ব করে যাচ্ছেন, লাখ লাখ মানুষ তার অন্ধভক্ত। দর্শকরা ভালোবেসে তাকে এতোটাই পূজনীয় করে ফেলেছে যে, কখনও কখনও কিং খানকেই বিব্রত হতে হয়। দীর্ঘ ক্যারিয়ার জীবনে তাঁর অর্জনের ঝুড়িতে রয়েছে চৌদ্দটি ফিল্মফেয়ার পুরস্কার, আটটি সেরা অভিনেতা পুরস্কার, পদ্মশ্রী পুরস্কার এবং কোটি কোটি মানুষের ভালোবাসা। তিনি একাধারে বলিউডের বাদশাহ, কিং অব রোম্যান্স এবং কিং খান হিসেবে পরিচিতি লাভ করেছেন। শাহরুখের মতো এত উপাধি বিশ্বের কোনো দেশের কোনো তারকার জীবনে জুটেনি।এভাবে দিল্লির সাধারণ এক পরিবার থেকে, আন্তর্জাতিক তারকা হয়ে ওঠার মতো নাটকীয় উত্থান, ভারতে সফলতার নতুন এক রূপকথা।



