
ঈদে প্রতিদিন হাজার হাজার মানুষ দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট দিয়ে যাতায়াত করেন। তাদের দুর্ভোগ কমাতে এই রুটে ট্রাকে অপচনশীল মালামাল পারাপার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজবাড়ী জেলা প্রশাসন। তবে চলাচল করতে পারবে কাচামাল বোঝাই ট্রাক।
এর আগে ঈদকে কেন্দ্র করে রাজবাড়ি জেলা প্রশাসকের পক্ষ থেকে ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন ট্রাকে অপচনশীল মালামাল পারাপার বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু যাত্রীদের অতিরিক্ত চাপে এ সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।
ঈদের ছুটির দুইদিন আগেও সোমবার (২৫ এপ্রিল) সড়কটিতে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। নদী পারাপারের অপেক্ষায় প্রায় দুই শতাধিক গাড়ি অপেক্ষা করছে। যার মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।
বিভিন্ন ব্যবসায়ীরা দূরবীন নিউজকে জানান, আমরা অনেকেই ৩৬ ঘন্টার ওপরেও ফেরির জন্য অপেক্ষা করছি। কিন্তু অপেক্ষার পরেও ফেরি পাইনি। আমাদের হাতে সময়ও নেই কারণ ঈদের আগে ও পরে ১০ দিন বন্ধ ঘোষণা করেছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন,‘ঘরমুখো মানুষের কথা ভেবেই আমরা সকল ধরণের অপচনশীল দ্রব্য পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু যেসব ট্রাক কাচামাল বহন করবে তাদের পারাপারের ক্ষেত্রে কোন ধরণের সমস্যা থাকবে না।’
তিনি আরও জানান, বর্তমানে এখানে ১৭টি ফেরি চলাচল করছে। আরও দুটি ফেরি দু একদিনের মধ্যে সংযুক্ত হবে।


