

যাত্রীবাহী বাস চাপায় গোয়েন্দা সংস্থার দুই সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৫এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাঙামাটি জেলায় দায়িত্বরত ডিজিএফআই সাব ইন্সপেক্টর দাউদ হাসান (৩৮) এবং সার্জেন্ট ইসহাক রুহুল (৩৫)। তারা দুজনেই মোটরসাইকেলে ছিলেন। তাদের চাপা দেওয়ার পর বাস চালক পালিয়ে যায়।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে তারা বনরূপা থেকে কলেজ গেটের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে পাবলিক হেলথ সড়ক মুখে পৌঁছালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিরতিহীন পাহাড়িকা বাস (ঢাকা মেট্রো ব ১৪-৪৪৪০) তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই ইসহাক রুহুলের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর দাউদ হাসান মারা যান। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।


