
ময়মনসিংহ জেলার তারাকান্দায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন ৫ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (২৭ এপ্রিল) ময়মনসিংহ-শেরপুর সড়কের বাগুন্দা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, মাইক্রোবাসটি ময়মনসিংহ থেকে আসছিল। বাগুন্দা আসতেই একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে দুমড়ে মুচড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা দুই আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন আরও ৫ জন। পরে তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। নিহত নারীর বয়স আনুমানিক ৫০ ও পুরুষের ৩০ হবে। আমরা এখনও তাদের নাম-ঠিকানা শনাক্ত করতে পারিনি।
তিনি আরও জানান, দুটিকে গাড়িকে জব্দ করা হয়েছে এবং মামলা দায়ের প্রক্রিয়াধীন।


