
প্রতিবছরই ঈদের আগে দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশপথ মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ভোগান্তিতে পড়েন ঘরমুখো যাত্রীরা। এবারও ব্যতিক্রম ঘটেনি। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল থেকেই ঘাটে যানবাহন ও যাত্রীদের চাপ প্রচুর বেড়ে যায়।
এদিকে ঈদের আগে আজকেই শেষ কর্মদিবস। এ কারণে ঈদযাত্রায় দুর্ভোগ এড়াতে অনেকেই আগে ভাগে শেকড়ের টানে স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।
ঘরমুখো মানুষের চাপে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক যানবাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন ও যাত্রীর চাপ আরও বাড়ছে। এছাড়া লঞ্চ ও স্পিডবোটেও যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
শিমুলিয়া ঘাট পরিচালক আশিকুজ্জামান জানান, শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে নয়টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। সকাল থেকে ফেরিতে পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় দুই শতাধিক যানবাহন। তবে ফেরির তুলনায় লঞ্চে ও স্পিডবোটে যাত্রীরা পারাপার হচ্ছেন বেশি।



