
করোনার বিধিনিষেধ থাকায় গত দুই বছর গ্রামে বাড়ি যেতে পারেনি হাজারো মানুষ। তাই এবার যাত্রীচাপ বেড়েছে কয়েকগুন। গতকাল শুক্রবারের মতো আজ শনিবারও (৩০ এপ্রিল) পাটুরিয়া ঘাটে ছিলো প্রচুর যানবাহনের চাপ। পদ্মা পাড়ের অপেক্ষায় আটকে আছে কয়েক শতাধিক যাত্রীবাহী যানবাহন।
আজ শনিবার (৩০ এপ্রিল) সকাল থেকেই লঞ্চঘাটে যাত্রীচাপ বৃদ্ধি পাচ্ছে। দূরপাল্লার বাস ও প্রাইভেটকার-মাইক্রোবাসের যাত্রীদের ফেরি পার হতে অপেক্ষায় থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।
তবে নৌ পুলিশের সহায়তায় সুশৃঙ্খলভাবে গাড়িগুলোকে ফেরিতে উঠানো হচ্ছে। কিন্তু অতিরিক্ত যাত্রীচাপ হওয়ায় বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীদের।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মো. খালিদ নেওয়াজ জানান, আমরা এখনো পর্যন্ত প্রায় হাজারের কাছাকাছি যাত্রীবাহী বাস, ৪০০০ ছোট গাড়ী, এবং ৩০০০ মোটরসাইকেলসহ চার’শ এর বেশী ট্রাক পার করেছি।
এসময় তিনি আরও জানান, পাটুরিয়া-দৌলতিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় ২১টি ফেরি চলাচল করছে। দুই রুট মিলিয়ে সাড়ে ১২ হাজার যানবাহন পারাপার হয়েছে।


