
মাদারীপুরের পদ্মা নদীতে ১১ যাত্রী নিয়ে ডুবে গেছে একটি স্পিডবোট। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। যাত্রীদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-পথের পদ্মাসেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া ‘বাবু’ নামের স্পিডবোটটি মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে যাত্রী নিয়ে মাদারীপুরের বাংলাবাজার ঘাটের দিকে যাচ্ছিল। স্পিডবোটটি চালাচ্ছিলেন মো. উজ্জ্বল।
স্থানীয় সূত্রে জানা যায়, স্পিডবোটটি পদ্মাসেতুর কাছে ঢেউয়ের ধাক্কায় তলা ফেটে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা ও নৌ-পুলিশের টিম ঘটনাস্থলে যায় এবং ১১ যাত্রীকে জীবিত উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালবাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহানুর আলী। তিনি বলেন, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সব যাত্রীদের জীবিত উদ্ধার করা হয়েছে।


