

বাগেরহাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ মাস বয়সী শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহত বাকি দুইজন দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটির চালক।
এই ঘটনায় আরও অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (১ মে) সকাল ৮টায় জেলার ফকিরহাট উপজেলার পালেরহাট এলকার খুলনা-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম আয়ান শেখ। তার বাবার নাম মাসুদ শেখ। এই দুর্টনায় তার বাবা ও মা গুরুতর আহত হয়েছে। নিহত বাকি দুই চালক ও আহতদের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, কমফোর্ট লাইনের একটি যাত্রীবাহী বাস বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে খুলনা-মাওয়া মহাসড়কের পালেলহাট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটির সামনের দিকের একটি অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দুই গাড়ির চালক আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস এসে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে পাঠানো হয় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে শিশু আয়ান মারা যায়। তার বাবা-মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত যান দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক আছে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. মো. সবুজ শেখ জানান, দুর্ঘটনায় আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেলে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।


