বিদ্যুতের খুঁটির সঙ্গে ফেরির ধাক্কা, অ্যাম্বুলেন্স ভেঙে চুর্ণবিচুর্ণ
হেড অফ ডিজিটাল মিডিয়া


মুন্সিগঞ্জের পদ্মানদীতে যান পারাপারের সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগেছে একটি ফেরির। এতে ফেরিতে থাকা একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের সামনের দিক ভেঙ্গে চুর্ণবিচুর্ণ হয়ে গেছে।
রোববার (১ মে) রাত আড়াইটার দিকে শিমুলিয়া-মাঝিকান্দি নৌ পথে পদ্মা সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। ফেরিটির নাম ফরিদপুর।
যাত্রীরা জানান, রাতে শিমুলিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে মাঝিকান্দি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় ফেরি ফরিদপুর। এ সময় তুমুল ঝড় বৃষ্টি হচ্ছিল। পথে পদ্মা সেতুর কাছে এলে ফেরিটি নদীর মাঝে বসানো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের খুঁটির সঙ্গে ধাক্কা খায়৷ এ সময় ফেরির ঢাকনার কাছে থাকা একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের সামনের বড় অংশ ভেঙে যায়।
বৃষ্টি ও রাত হওয়া সত্ত্বেও ফেরিটিতে কোনো লাইট জ্বালানো হয়নি বলে অভিযোগ যাত্রীদের।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির বাংলাবাজার-মাঝিকান্দি ঘাটের ম্যানেজার সালাউদ্দিন আহম্মেদ বলেন, ঝড়ের কারণে নদী কিছুটা উত্তাল ছিল। তাই নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগেছে।


