

ঈদের ছুটিতে ফাঁকা সড়কে একের পর এক দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। ঈদের তৃতীয়দিনও রাজধানীর সড়কে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে রংপুরে সড়কে পাঁচজনের মৃত্যুর তথ্য জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ঈদের দ্বিতীয়দিন বুধবার রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার শলেয়ালাহ বাজার এলাকায় মাইক্রোবাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হন।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, রংপুর-সৈয়দপুর মহাসড়কে একটি মাইক্রোবাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত অবস্থায় আরও ৫ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। বাকিরা এখনও চিকিৎসাধীন আছেন।
তিনি আরও জানান, নিহত পাঁচজনের মধ্যে দুজন হলেন-ছেয়াদুল ইসলাম (৩৫) এবং নাজমা বেগম (৪৫)। তাৎক্ষণিকভাবে হতাহত অন্যদের পরিচয় জানা যায়নি।


