
নাটোরের বড়াই গ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩৫ জন।
শনিবার (৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মহিষভাঙা এলাকার বনপাড়া-হাটিকুমরুল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়েছে। পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
সকালে সিয়াম পরিবহনের একটি বাস ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। বনপাড়া হাটিকুমরুল সড়কে গেলে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাককে পাশ কাটাতে গিয়ে বিপরীতমুখী ন্যাশনাল ট্রাভেলস পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ন্যাশনাল পরিবহনের বাসটি ছিটকে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।


