

খাগড়াছড়ির রামগড়ের সোনাইপুল বাজারে গুদামে ৫৭ হাজার লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুতের অপরাধে ফজলুল করিম পাটোয়ারী নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ফজলুল করিম মেসার্স খান ট্রেডার্সের মালিক।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৬ মে) রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযানে একই অপরাধে বাজারের মেসার্স আলমগীর স্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক খোন্দকার ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, অভিযানে ৫৭ হাজার লিটার সয়াবিন তেলের মজুত পাওয়া যায়। এছাড়াও ওই ব্যবসায়ীর কোনো ডিলিং লাইসেন্স নেই। লাইসেন্স ছাড়া ডিলারশিপ ব্যবসা অবৈধ। ফলে, পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬-এর ৬ ধারায় বাজারের মেসার্স খাঁন ট্রেডার্সকে এক লাখ টাকা এবং মেসার্স আলমগীর স্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে স্থানীয় পৌর কাউন্সিলর মো. জসিম উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


