
সিরাজগঞ্জে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাস চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের বাবা ও আরও একজন আহত হয়েছেন।
রোববার (৮ মে) সকাল পৌনে ৭টার দিকে জেলার উল্লাপাড়ার সলঙ্গা থানার হাটিকুমরুল-ঢাকা আঞ্চলিক সড়কের ধোপকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মেহজাবিন তালুকদার শ্রেয়সী (১৪) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দোবিলা গ্রামের মহসিন তালুকদারের মেয়ে এবং সিরাজগঞ্জ সরকারি সালেহা ইসহাক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।
আহত মহসিন তালুকদার সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের জুনিয়র ইনস্ট্রাকটর (ম্যানেজমেন্ট)। আহত আরেকজনের নাম পরিচায় জানা যায়নি।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে গ্রামের বাড়ি তাড়াশ থেকে মোটরসাইকেলে করে শ্রেয়সীকে নিয়ে সিরাজগঞ্জ শহরে যাচ্ছিলেন মহসিন। পথে হাটিকুমরুল-ঢাকা আঞ্চলিক সড়কের ধোপকান্দি এলাকার হানিফ হোটেলের সামনে এলে তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় আরেকটি মোটরসাইকেল। এতে বাবা-মেয়ে দুইজন ও অন্য মোটরসাইকেলের একজন রাস্তার ওপর ছিটকে পড়েন।
এ সময় পেছন থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস শ্রেয়সীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত বাকি দুইজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


