
লক্ষ্মীপুরে সাইফুল ইসলাম সুমন নামের এক কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে কাজী জামসেদ আমিন মিশন নামের এক স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
শনিবার (৭ মে) রাত ১১টার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজ হোস্টেল এলাকায় এই ঘটনা ঘটে।
আহত সাইফুল লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার মো. সেলিমের ছেলে। বর্তমানে তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি আছেন। অভিযুক্ত জামসেদ ওই একই পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
জানা যায়, আগামী ১১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে লক্ষ্মীপুর সদর থানা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন। এই সম্মেলনকে ঘিরে এখনই তৈরি করা হচ্ছে কাউন্সিলরদের তালিকা। কিন্তু ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর তালিকা থেকে প্রবীণ ও ত্যাগী নেতারা বাদ পড়েছেন। এ নিয়ে প্রতিবাদে সরব হন সুমনসহ কয়েকজন।
আসন্ন সম্মেলনের তালিকা নিয়ে প্রতিবাদ করায় শনিবার রাতে একটি দোকানের সামনে সুমনকে ছুরিকাঘাত করেন জামসেদ। পাশাপাশি হাতুড়ি দিয়ে তার মাথায়ও আঘাত করা হয়। এতে মাথা ফেটে গুরুতর আহত হন সুমন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
অভিযোগের বিষয়ে জামসেদের সঙ্গে যোগাযোগ করলে তিনি দাবি করেন, সুমন অযথা তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে মারতে আসে। তিনি কিছুই করেননি।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, হাতুড়ি দিয়ে পিটিয়ে একজনের মাথা ফাটানোর কথা শুনেছি। তবে এই বিষয়ে কেউ থানায় অভিযোগ না করায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।



