
ময়মনসিংহের তারাকান্দায় মনোরঞ্জন সাংমা (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিমুল চাম্বু গং (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ঢাকুয়া পশ্চিমপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।
সোমবার তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, রোববার সন্ধ্যায় মনোরঞ্জন নিজ বাড়িতে ঘরের বারান্দায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় শিমুল চাইনিজ কুড়াল দিয়ে মনোরঞ্জনের উপর হামলা করে এবং বুকে কোপ দেয়। হামলায় ঘটনাস্থলেই মারা যান মনোরঞ্জন।
তিনি আরও বলেন, এ ঘটনার পর স্থানীয়রা শিমুলকে মাতাল অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


