
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় ঘরে আগুন লেগে দুই শিশু মারা গেছে। নিহতরা হলো: আবদুল্লাহ আল নোমান (৭) ও লামিয়া সুলতানা মাহী (৩)।
মঙ্গলবার দুপুরে মা গোলাপি বেগম তার দুই শিশু নোমান ও মাহীকে ঘুম পাড়িয়ে রান্নাঘরে যান। এরপর তিনি চুলায় ভাত বসিয়ে পুকুর ঘাটে গোসল করতে চলে যান। এ সময় তার ঘরে আগুন লেগে যায়।
সেনবাগ থানার এসআই আবদুল বলেন, পুকুরে গোসল করার সময় হঠাৎ নিজের ঘরে আগুন দেখতে পান গোলাপি বেগম। এ সময় তিনি চিৎকার করতে শুরু করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুন নেভানো গেলেও দুই শিশু নোমান ও মাহীকে বাঁচানো যায়নি।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই শিশুর লাশ উদ্ধার করে।


