
রাঙামাটিতে লক্ষ্মী চন্দ্র চাকমা (৫০) নামের সাবেক এক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু গ্রুপের বিরুদ্ধে।
বুধবার (১১ মে) রাতে জেলার বরকল উপজেলার সুবলং ইউনিয়নের শিলছড়ি এলাকায় নিজ বাড়িতে তাকে গুলি করে হত্যা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, বুধবার রাতে জেএসএস সন্তু গ্রুপের কমান্ডার চিনু মারমাসহ ১৫ জন সন্ত্রাসী লক্ষ্মী চন্দ্র চাকমার বাড়িতে গিয়ে তাকে গুলি করে হত্যা করে। এরপর দুর্বত্তরা পালিয়ে যায়।
এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে স্থানীয়রা জানান, লক্ষ্মী এক সময় পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ’র কর্মী ছিলেন। বর্তমানে তিনি সন্ত্রাসী কার্যক্রম বাদ দিয়ে কৃষি কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করলেও ইউপিডিএফ’র সঙ্গে তার যোগাযোগ ছিল। তিনি ওই সন্ত্রাসী সংগঠনটিকে নিয়মিত তথ্য সরবরাহ করতেন। তাই তাকে হত্যা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন। তিনি জানান, পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে রওনা হয়েছে।


