

বন্ধুর জন্মদিন পালন শেষে বাড়ি ফেরার পথে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক কিশোর।
শনিবার (১৪ মে) ভোর ৪টায় উপজেলার পুরাবাজার এলাকার ভাঙা ব্রিজের ঢালে তাদের বহনকারী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জিসান (১৯) ও ফাহিম (১৬) এবং গুরুতর আহত হয়েছেন জাহিদ হাসান (১৬)। তাদের প্রত্যেকের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর চরমশুরা গ্রামে।
টংগীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোয়েব জানান, শুক্রবার রাতে উপজেলার মুন্সীরহাটে তাদের এক বন্ধুর জন্মদিন অনুষ্ঠানে যোগদান শেষে ভোরে প্রাইভেটকার করে বাড়ি ফিরছিল তারা। এ সময় টঙ্গীবাড়ির পুরাবাজার এলাকায় নির্মাণাধীন সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করে। আহত জাহিদকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


