
সড়কে প্রতিনিয়ত প্রাণহানি বাড়ছেই। গোপালগঞ্জে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে আটজন মারা গেছেন।
শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে জেলার কাশিয়ানি উপজেলার মিল্টন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় কমপক্ষে আরও ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ ও স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল রাজিব পরিবহনের একটি বাস। কাশিয়ানি উপজেলার মিল্টন বাজারে খুলনা থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। এ সময় একটি মোটর সাইকেলও মাঝখানে ঢুকে পড়ে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (চ. দা.) মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত আটজন মারা গেছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। অনেকে গুরুতর আহত হয়েছেন, তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছি।


