
দিনাজপুরের বিরলে ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৫ মে) রাতে একটার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম।
নিহতরা হলেন- বোচাগঞ্জ উপজেলার দৌলা ইউনিয়নের ইউপি সদস্য রাকিব হাসান (৩৫), দিনাজপুর শহরের গুড়গোলা মহল্লার সাদবিন ওসমান (২৪), ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল পৌর এলাকার তাসিম আহম্মেদ (১৪)।
স্থানীয়রা জানান, প্রাইভেটকারে করে দিনাজপুর শহর থেকে বোচাগঞ্জ যাওয়ার পথের মধ্যে প্রাইভেটকারের তেল শেষ হয়ে যাওয়ায় রাকির হাসান ও তাসিম আহম্মেদ একটি মোটর সাইকেলের ড্রাইভারের সাহায্য নিয়ে তেল কিনে ফেরার পথে মঙ্গলপুর চেয়ারম্যানের বাজার এলাকায় বোচাগঞ্জগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের সকলকে মৃত অবস্থায় উদ্ধার করে।
পুলিশ জানায়, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অপমৃত্যু মামলা হয়েছে।


