

এহসান আল কুতুবী, কক্সবাজারঃ
কক্সবাজারের টেকনাফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ডন নুরুল হক ভুট্টোকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষের হামলায় আহত হয়ে অতিরিক্ত রক্ত ক্ষরণে হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় আহত হন আরও ৩ জন।
রোববার (১৫ মে ) সন্ধ্যা ৬ টার দিকে টেকনাফ সদর ইউপির নাজিরপাড়া এলাকায় হামলার ঘটনা ঘটে।
পরে রক্তাক্ত অবস্থায় ভুট্টোকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভুট্টোর ছোট ভাই নুরুল আবছার খোকন জানান, ভুট্টোকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে স্থানীয় মৌলভীপাড়ার সন্ত্রাসী একরাম ও আবদুর রহমানসহ তাদের বাহিনী। তাকে লবণের মাঠ থেকে ধরে নিয়ে দা, কিরিচ দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। এ সময় এলাকার লোকজন ভুট্টোকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী মৌলভী পাড়ার একরামও একজন আত্মস্বীকৃত ইয়াবা কারবারি।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মাদকের লেনদেন নিয়ে দু'পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি জানান, হামলাকারী একরাম আত্মস্বীকৃত ইয়াবা কারবারি এবং নিহত ভুট্টোও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি। তাদের দুজনের বিরুদ্ধেই টেকনাফ থানায় মাদক কারবারসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।



