
পিরোজপুরে নিজ বাসভবন থেকে সেতারা হালিম (৭৪) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভয়েজ অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মা। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
সোমবার (১৬ মে) সকাল ১০টার দিকে পিরোজপুর পৌরসভার সিআইপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সেতারা হালিম ওই এলাকার প্রয়াত অধ্যাপক আব্দুর হালিম হাওলাদারের স্ত্রী।
নিহতের মেয়ে সালমা আরজু জানান, ওই বাসায় তার মা একা থাকতেন। রোববার (১৫ মে) রাতেও তার সঙ্গে মায়ের কথা হয়েছে। সকালে বাসায় রং করতে যায় আব্দুল কুদ্দুস নামের এক রং মিস্ত্রি। কিন্তু অনেকক্ষণ ডাকাডাকি করলে সেতারা হালিম দরজা খোলেননি। তখন নিচতলার ভাড়াটিয়াদের বাসায় গিয়ে বিষয়টি জানান আব্দুল কুদ্দস। তারাও এসে অনেকক্ষণ ডাকাডাকি করে কোনো শব্দ না পাওয়ায় বাসার পেছনের দরজার কাছে যান। সেখানে তারা দরজা খোলা অবস্থায় পান এবং সেতারা হালিমকে মেঝেতে পড়ে থাকতে দেখেন।
তিনি আরো জানান, খবর পেয়ে স্বামীকে নিয়ে সঙ্গে সঙ্গে ওই বাড়িতে আসেন তিনি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়া বাসার আলমারি ও আসবাবপত্র এলোমেলোভাবে পাওয়া গেছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বাগত হালদার জানান, সেতারা হালিম নামের ওই বৃদ্ধকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন ছিল।



