
চট্টগ্রামে ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার সময় গণধর্ষণের শিকার হয়েছেন দুই সন্তানের জননী (৩৪)। এই ঘটনায় ওই নারীর করা মামলায় তিন অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মে) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন।
এর আগে সোমবার (১৬ মে) রাতে জেলার বাঁশখালী উপজেলার বৈলছড়ি এলাকায় অভিযান চালিয়ে ওই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বৈলছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মো. মোক্তার (৪০), একই এলাকার মো. সরোয়ার (৩৫) ও ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল আলম (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ মে) উপজেলার কালীপুরের পূর্ব পালেক গ্রামে ওয়াজ মাহফিল শুনতে যান ভুক্তভোগী ওই নারী। মাহফিল শুনে বাড়ি ফেরার সময় তিনি শহিদুল ইসলাম নামের এক পরিচিত ব্যক্তির ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। কিন্তু ওই চালক ভেতরের রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার কথা বলে তাকে কালীপুর-বৈলছড়ীর বরকাটা এলাকার গভীর জঙ্গলে নিয়ে যায়। সেখানে শহিদুলসহ কয়েকজন তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে পালিয়ে যায়।
এই ঘটনার পর ভুক্তভোগী ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১৬ মে) রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগীর মা শহিদুলসহ পাঁচজনের নামে বাঁশখালী থানায় মামলা করে। পরে রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি মো. কামাল উদ্দিন জানান, এই ঘটনায় জাড়িত বাকি দুইজনকেও ধরতে অভিযান অব্যহত আছে।


