
ভোলায় একটি বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক ও অটোরিকশা খালে পড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলার লালমোহন উপজেলার ডাওরী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ভোলা-চরফ্যাশন রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাথরবোঝাই একটি ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশা বেইলি ব্রিজটি পার হচ্ছিল। হঠাৎ ব্রিজটি মাঝখান দিয়ে ভেঙে যায়। এতে ওই ট্রাক ও অটোরিকশা খালে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে যানবাহন ও যাত্রীদের উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, ব্রিজ ভেঙে ট্রাক ও অটোরিকশা খালে পড়ে গেলেও কেউ হতাহত হয়নি। তবে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিষয়টি সড়ক বিভাগকে জানানো হয়েছে।


