শেখ হাসিনার গাড়ি বহরে হামলা: সাবেক এমপিসহ ৪ জনের যাবজ্জীবন, ৪৪ জনের কারাদণ্ড
হেড অফ ডিজিটাল মিডিয়া


২০০২ সালে সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক মামলায় বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকিদের ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।মঙ্গলবার (১৮ এপ্রিল) সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডল এ রায় ঘোষণা করেন। এ সময় আদালত চত্বরে বিক্ষোভ করায় তিনজন বিএনপি সমর্থককে আটক করেছে পুলিশ।যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সাতক্ষীরা-১ তালা কালারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, উপজেলার যুবদলের সভাপতি আব্দুল কাদের বাচ্চু, আরিফুর রহমান রঞ্জু ও রিপন।এই মামলায় ৫০ আসামির মধ্যে ৪৮ আসামিকে কারাদণ্ড দেয়া হয়েছে। বাকি দুই আসামি মারা যাওয়ায় তাদের খালাস দেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে নয়জন পলাতক অবস্থায় রয়েছে।রায়েরে পর সাতক্ষীরা আদালতের পিপি আব্দুল লতিফ জানান, এ রায়ের মধ্য দিয়ে সাতক্ষীরার মানুষ কলঙ্কমুক্ত হয়েছে। দীর্ঘ সময় পর এ রায় কার্যকর হওয়ায় সাতক্ষীরার মানুষ খুশি। এদিকে, রায় ঘোষণাকালে আসামিপক্ষের কোনো আইনজীবীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি।মামলার এজাহার ও তদন্ত সূত্রে জানা যায়, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে যান।হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখে সড়কপথে ঢাকায় ফিরছিলেন শেখ হাসিনা। পথে বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়া বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলা হয়। হামলাকারীরা শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি করে ও বোমা বিস্ফোরণ করে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। এ সময় বহরে থাকা ১৫–২০টি গাড়ি ভাঙচুর করা হয়।তৎকালীন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য হাবিবুল ইসলাম ও তার নেতাকর্মীরা এ হামলার পেছনে ছিলেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দীন বাদী হয়ে যুবদলের সভাপতি আশরাফ হোসেনসহ ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৭০-৭৫ জনকে আসামি করে কলারোয়া থানায় মামলা করতে গেলে মামলাটি রেকর্ড করেনি পুলিশ। এ ঘটনার ১২ বছর পর ২০১৪ সালের ১৫ অক্টোবর সাতক্ষীরা আদালতে একটি মামলা করা হয়। আদালত কলারোয়া থানায় মামলাটি রেকর্ড করার আদেশ দেন।


